Logo

স্কুলের খাবারে মিলল সাপ, হাসপাতালে শতাধিক শিক্ষার্থী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ মে, ২০২৬, ১৮:২৫
স্কুলের খাবারে মিলল সাপ, হাসপাতালে শতাধিক শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের একটি সরকারি স্কুলে শিক্ষার্থীদের পরিবেশন করা দুপুরের খাবারে সাপের বাচ্চা পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই খাবার খাওয়ার পর শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) বিহারের সাহারসা জেলার মহিষী ব্লকের একটি সরকারি স্কুলে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিনের মতো ওই স্কুলে একটি এনজিওর সরবরাহ করা মিড-ডে মিল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছিল। খাবার খাওয়ার সময় হঠাৎ এক শিক্ষার্থীর প্লেটে একটি মৃত সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হতেই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিশু পেটে ব্যথা, বমি ও শারীরিক অসুস্থতার অভিযোগ করতে শুরু করে। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অসুস্থ হয়ে পড়া অনেক শিশুকে কাঁদতে ও যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। স্থানীয়দের সহায়তায় অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে কয়েকজন শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে তারা।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্কুলে ভিড় করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এক অভিভাবক জানান, তার সন্তান বাড়ি ফিরে খাবারের মধ্যে সাপ পাওয়ার কথা জানায়। অন্য কয়েকজন দাবি করেন, তারা স্কুল অফিসে একটি প্লেটের ওপর বড় আকারের সাপ পড়ে থাকতে দেখেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, সেটি ‘তেলিয়া’ প্রজাতির বিষধর সাপ হতে পারে। ভয়াবহ এই দৃশ্য দেখে অনেক শিশু আতঙ্কিত হয়ে পড়ে এবং কয়েকজন জ্ঞানও হারিয়ে ফেলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসন ইতোমধ্যে বিষয়টি তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে। যে এনজিওর রান্নাঘর থেকে খাবার সরবরাহ করা হয়েছিল, সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়ী এনজিওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অভিভাবকরা। অনেকেই প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলেরও দাবি জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD