Logo

জাঁকজমকপূর্ণ আয়োজনে মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ মে, ২০২৬, ১৩:১১
জাঁকজমকপূর্ণ আয়োজনে মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং দলশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ব্রিগেড এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ।

শুভেন্দু অধিকারীর সঙ্গে একই দিনে আরও পাঁচজন নেতা মন্ত্রী হিসেবে শপথ নেন। তারা হলেন— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শপথ গ্রহণের ধারাবাহিকতায় মুখ্যমন্ত্রীর পর প্রথমে দিলীপ ঘোষ, এরপর পর্যায়ক্রমে অন্য নেতারা শপথ নেন।

বিজ্ঞাপন

গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। নির্বাচনে ২০৭টি আসন পেয়ে বিজেপি সরকার গঠনের সুযোগ পায়। এরপর থেকেই দলীয় নেতৃত্বের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—কে হবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

বিজেপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছিলেন, বাংলার মাটির সঙ্গে সম্পৃক্ত এবং বাংলাভাষায় শিক্ষিত কোনো নেতাকেই মুখ্যমন্ত্রী করা হবে। সেই আলোচনা ও রাজনৈতিক হিসাব–নিকাশে শুরু থেকেই এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে বিজেপির বড় জয়ের পর তার নাম আরও জোরালোভাবে সামনে আসে।

বিজ্ঞাপন

অবশেষে শুক্রবার বিজেপির বিধায়কদলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেন।

বিধায়কদলের বৈঠক শেষে শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য মোট আটটি প্রস্তাব জমা পড়েছিল এবং সব প্রস্তাবেই একমাত্র শুভেন্দু অধিকারীর নাম ছিল। দ্বিতীয় কোনো নাম প্রস্তাবের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হলেও আর কোনো নাম আসেনি। ফলে সর্বসম্মতিক্রমে শুভেন্দুকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। একই সঙ্গে রাজ্যের প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে বিজেপির নতুন সরকারের অগ্রাধিকার কী হবে, তা নিয়েও এখন আলোচনা শুরু হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD