Logo

আবারও পিছিয়ে গেল থালাপতি বিজয়ের শপথ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ মে, ২০২৬, ১৩:৩৪
আবারও পিছিয়ে গেল থালাপতি বিজয়ের শপথ
থালাপতি বিজয় | ফাইল ছবি

তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকার গঠনকে কেন্দ্র করে। বিভিন্ন দলের সমর্থনের জোরালো আলোচনা থাকলেও শেষ পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায় থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত হয়ে গেছে।

বিজ্ঞাপন

পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার (৯ মে) তার শপথ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আর হচ্ছে না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে ফের বৈঠক করেন তামিলনাড়ু ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। তবে বৈঠক শেষে রাজ্যপালের দপ্তর থেকে জানানো হয়, সরকার গঠনের জন্য যে ন্যূনতম আসনসংখ্যার সমর্থন প্রয়োজন, তা এখনো নিশ্চিত করতে পারেননি বিজয়। ফলে তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।

বিজ্ঞাপন

তামিলনাড়ু বিধানসভার মোট আসন সংখ্যা ২৩৪। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থন। নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, চারটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে বিজয়ের নেতৃত্বাধীন জোট ১২০ আসনের সমর্থন নিশ্চিত করেছে। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি বদলে যায়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাস্তবে টিভিকে জোটের পক্ষে বর্তমানে ১১৬ জন বিধায়কের সমর্থন রয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে দুই আসন কম।

রাজনৈতিক অঙ্ক জটিল হয়ে ওঠার পেছনে কয়েকটি দলের অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ভিসিকে দলের সমর্থন মিললেও আইইউএমএল নামের একটি দলের আনুষ্ঠানিক সমর্থনের চিঠি রাজ্যপালের কাছে জমা দিতে পারেননি বিজয়। পরে আইইউএমএল প্রকাশ্যে জানিয়ে দেয়, তারা টিভিকে-কে সমর্থন দিচ্ছে না। একই সময়ে টিটিভি নামের আরেকটি দলও বিজয়ের নেতৃত্বাধীন জোটকে সমর্থন না করার ঘোষণা দেয়।

এসব ঘটনার পর রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়ে। পরিস্থিতি সামাল দিতে এবং সরকার গঠনের বিষয়ে অগ্রগতি দেখাতে বিজয় টানা তিন দিনের মতো রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। তবে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার নিশ্চয়তা না পাওয়ায় শপথ অনুষ্ঠান স্থগিত রাখতে হয়েছে।

বিজ্ঞাপন

গত ৪ মে প্রকাশিত নির্বাচনি ফলাফলে বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পায়। যদিও এটি ছিল দলের জন্য বড় সাফল্য, তবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় সরকার গঠনের জন্য আরও অন্তত ১০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন হয়ে পড়ে। শুরুতে জোটের সমীকরণ ইতিবাচক মনে হলেও শেষ মুহূর্তে কয়েকটি দলের অবস্থান বদলে যাওয়ায় নতুন করে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েকদিন তামিলনাড়ুর রাজনীতিতে আরও নাটকীয় পরিবর্তন দেখা যেতে পারে। সরকার গঠনের জন্য বিজয় আরও ছোট দল ও স্বতন্ত্র বিধায়কদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD