এবার ভেনেজুয়েলা থেকে ১৩ কেজি ইউরেনিয়াম সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যদিও সেই প্রচেষ্টায় এখনো সফল হয়নি ওয়াশিংটন। তবে এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
শুক্রবার (৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার একটি পুরোনো গবেষণা চুল্লি থেকে ১৩ দশমিক ৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভেনেজুয়েলার যৌথ সমন্বয়ে পরিচালিত এক অভিযানের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের অধীন জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের প্রধান ব্র্যান্ডন উইলিয়ামস বলেছেন, ভেনেজুয়েলা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে নেওয়ার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে। এর মাধ্যমে দেশটি আবারও বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, অত্যন্ত সংবেদনশীল এই অভিযানে ইউরেনিয়াম স্থল ও সমুদ্রপথে নিরাপদে উত্তর আমেরিকায় আনা হয়। পরে তা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জ্বালানি বিভাগের একটি স্থাপনায় নেওয়া হয়।
এদিকে চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পর দুই দেশের সম্পর্ক নতুন মোড় নেয়। এরপর ধীরে ধীরে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়।
বিজ্ঞাপন
এরই মধ্যে কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তা ভেনেজুয়েলা সফর করেছেন। দীর্ঘ সাত বছরের বেশি সময় পর দুই দেশের মধ্যে আবারও বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় তাদের দূতাবাসও পুনরায় চালু করেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ প্রমাণিত তেলের মজুদের অধিকারী ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এই নতুন অধ্যায়কে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী মহল। তবে গণতন্ত্রপন্থী কর্মীদের একাংশ ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে নির্বাসিত বিরোধী নেত্রী ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে কোণঠাসা করার অভিযোগে তারা উদ্বেগ জানিয়েছেন।
বিজ্ঞাপন








