Logo

যুক্তরাষ্ট্রকে সমর্থনকারীদের কঠোর হুঁশিয়ারি ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মে, ২০২৬, ১৯:১৫
যুক্তরাষ্ট্রকে সমর্থনকারীদের কঠোর হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলা দেশগুলোকে কঠোর বার্তা দিয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যারা যুক্তরাষ্ট্রের অবস্থান অনুসরণ করবে, হরমুজ প্রণালি ব্যবহার করতে গিয়ে তারা সমস্যার মুখে পড়তে পারে।

বিজ্ঞাপন

রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান হরমুজ প্রণালিতে নতুন আইনি ও নিরাপত্তা কাঠামো চালু করেছে। এখন থেকে এই জলপথ দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে অবশ্যই তেহরানের সঙ্গে সমন্বয় করতে হবে।

নতুন এই ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং এর মাধ্যমে ইরান অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা—সব দিক থেকেই লাভবান হবে।

বিজ্ঞাপন

চলতি মাসের শুরুতে ইরানের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি খাতে নতুন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানকে কোনো অর্থ না দিতে আন্তর্জাতিক জাহাজগুলোকে সতর্ক করে ওয়াশিংটন।

এর পর থেকেই গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও বাহরাইন জাতিসংঘে একটি খসড়া প্রস্তাবও প্রস্তুত করেছে, যাতে হরমুজ প্রণালিতে ইরানের আরোপ করা বিধিনিষেধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।

শনিবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজিও একই ধরনের হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সমর্থন করলে সংশ্লিষ্ট দেশগুলোকে এর পরিণতি ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এ কারণে এই জলপথে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

কূটনৈতিক সূত্রগুলোর দাবি, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন রাশিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত খসড়া প্রস্তাব আটকে দিতে তারা প্রস্তুত।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD