Logo

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ মে, ২০২৬, ১১:৩২
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে ফের তেলের দাম বেড়েছে। একই সময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ মে) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ২০ ডলারে পৌঁছেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৩০ ডলারে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান একটি নতুন প্রস্তাব দেয়। সেখানে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়। তবে ট্রাম্প প্রশাসন সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের এই প্রস্তাব পুরোপুরি অগ্রহণযোগ্য।

অন্যদিকে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া একটি পাল্টা প্রস্তাবে হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার শর্তও দেওয়া হয়।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

এদিকে, তেলের দাম বৃদ্ধির কারণে বড় জ্বালানি কোম্পানিগুলোর মুনাফাও বেড়েছে। সৌদি আরবের আরামকো জানিয়েছে, তাদের আয় গত বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। একইভাবে ব্রিটিশ কোম্পানি বিপি ও শেলও চলতি বছরে মুনাফা বৃদ্ধির তথ্য দিয়েছে।

বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালির অচলাবস্থা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD