ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে কাতার। দেশটির ক্যালেন্ডার হাউসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ মে বুধবার মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হতে পারে।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১৮ মে সোমবার। সেই হিসাব অনুসারেই ২৭ মে ঈদুল আজহার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যায় বলা হয়, ১৬ মে শনিবার নতুন চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের আগে সেটি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই। দোহা সময় রাত ১১টা ২ মিনিটে চাঁদের জন্ম হবে, যা সূর্যাস্তের অনেক পরে হওয়ায় ওই দিন আরব বিশ্বের কোনো দেশেই চাঁদ দেখা সম্ভব হবে না।
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে ১৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস প্রকাশ করা হলেও ইসলামি বিধান অনুযায়ী চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে।








