সাধারণ মানুষের আর্থিক অবস্থা নিয়ে আমি ভাবি না: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণ মানুষের আর্থিক সংকট নিয়ে নিজের অবস্থান প্রকাশ করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) চীন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সাধারণ আমেরিকানদের অর্থনৈতিক অবস্থা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। তার সমস্ত মনোযোগ এখন কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর দিকে।
ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানান, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটিই এখন তার সরকারের প্রধান অগ্রাধিকার। যুদ্ধ পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক চাপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, “আমি কাউকে নিয়ে ভাবি না।”
বিজ্ঞাপন
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছেন। জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে থাকায় নাগরিকদের মধ্যে উদ্বেগও বাড়ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য তার নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। কারণ নির্বাচনী প্রচারণায় তিনি বারবার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার এমন মন্তব্য ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ইতোমধ্যেই ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা শুরু করেছেন। বিরোধীদের দাবি, এই মন্তব্য প্রমাণ করে সাধারণ মানুষের দুর্ভোগ ও বাস্তবতা থেকে তিনি কতটা বিচ্ছিন্ন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সময়ে প্রেসিডেন্টের এমন সংবেদনশীল মন্তব্য তার জনপ্রিয়তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট।








