পাকিস্তানে নাউরাং বাজারে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নাউরাং বাজারে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ২ জন পুলিশ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) জনবহুল ওই বাজার এলাকায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং আরও অনেকে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানায়, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ঘটনার কারণ ও বিস্ফোরণের ধরন শনাক্তে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত কয়েকদিন আগেই একই প্রদেশে একটি বড় ধরনের গাড়িবোমা বিস্ফোরণে ২১ জন পুলিশ সদস্য নিহত হন। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, খাইবার পাখতুনখোয়া অঞ্চলে একাধিক নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তার কারণে এ ধরনের সহিংস ঘটনা বাড়ছে।








