ভিসা নীতিতে বড় ছাড় যুক্তরাষ্ট্রের, শিথিল হচ্ছে বন্ড শর্ত

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তির বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৈধ ম্যাচ টিকিটধারী দর্শকদের ক্ষেত্রে ১৫ হাজার ডলারের ভিসা জামানত বা বন্ড সংক্রান্ত শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বের অন্তত ৫০টি দেশের নাগরিক এই সুবিধার আওতায় আসবেন। তবে শর্ত হিসেবে আবেদনকারীদের বৈধ বিশ্বকাপ ম্যাচের টিকিট প্রদর্শন করতে হবে। বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করা কয়েকটি দেশের সমর্থক—যেমন আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়া—এ সুবিধা পাবেন বলে নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার বলেন, বিশ্বকাপের টিকিট কেনা সমর্থকদের জন্য ভিসা বন্ডের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হচ্ছে, যাতে ফুটবলপ্রেমীরা সহজে টুর্নামেন্ট উপভোগ করতে পারেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত বছর পরীক্ষামূলকভাবে চালু হওয়া ভিসা বন্ড কর্মসূচির আওতায় কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতো। মার্কিন প্রশাসনের দাবি ছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা কমানোর লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। সফর শেষে নির্ধারিত সময়ে দেশ ত্যাগ করলে সেই অর্থ ফেরত দেওয়ার বিধানও ছিল।
এর আগে বিশ্বকাপ সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচদের এই বন্ড শর্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে সাধারণ সমর্থকদের ক্ষেত্রে নিয়মটি বহাল ছিল। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে গত আগস্টে ১২ মাস মেয়াদি এই কর্মসূচি কার্যকর করা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, যেসব দেশের নাগরিকদের যাচাই-বাছাই প্রক্রিয়া দুর্বল বলে বিবেচনা করা হয় অথবা যাদের ভিসা মেয়াদোত্তীর্ণের ঝুঁকি বেশি বলে মনে করা হয়, মূলত তাদের ক্ষেত্রেই এই বন্ড নীতি প্রযোজ্য করা হয়েছিল।
বিজ্ঞাপন
এদিকে ফিফা যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, হোয়াইট হাউসের সহযোগিতায় সফল, স্মরণীয় এবং রেকর্ড গড়া বিশ্বকাপ আয়োজনের প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সব দেশের নাগরিক এই সুবিধা পাচ্ছেন না। ইরান ও হাইতির নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। যদিও বিশ্বকাপ-সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচদের ক্ষেত্রে আলাদা সুবিধা বহাল থাকবে। এছাড়া আইভরি কোস্ট ও সেনেগালের নাগরিকদের জন্য কিছু আংশিক ভ্রমণ বিধিনিষেধও কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া গত বছর যুক্তরাষ্ট্র সরকার আরও ঘোষণা দিয়েছিল, কিছু দেশের পর্যটকদের ক্ষেত্রে ভিসা আবেদনের অংশ হিসেবে গত পাঁচ বছরের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের তথ্যও জমা দিতে হতে পারে।
অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, কঠোর নজরদারি ও যাচাই-বাছাই নীতির কারণে বিশ্বকাপ দেখতে যাওয়া অনেক সমর্থক অতিরিক্ত জিজ্ঞাসাবাদ, পর্যবেক্ষণ কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতার মুখে পড়তে পারেন।








