Logo

জাপানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে, ২০২৬, ২০:২৪
জাপানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবি: সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের নিচে, মিয়াগি প্রিফেকচার উপকূলের কাছাকাছি এলাকায়।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে একই অঞ্চলের নিকটবর্তী এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনায় তখন সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

বিজ্ঞাপন

জেএমএ এরই মধ্যে সতর্ক করেছে, বিশেষ সতর্কতা তুলে নেওয়া হলেও ওই অঞ্চলে আরও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এখনো রয়ে গেছে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর মিয়াগি ও ফুকোশিমা অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এসব কেন্দ্রের দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার।

বিজ্ঞাপন

এদিকে ভূমিকম্পের কারণে জাপানের দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত, যেখানে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে জাপানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। ওই ঘটনায় প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকোশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গুরুতর দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD