প্রেমিককে দিয়ে বাবার বাড়িতে ডাকাতি করালেন প্রেমিকা, অতঃপর..

ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে প্রেমিকের সঙ্গে মিলে বাবার বাড়িতেই বড় অঙ্কের ডাকাতির ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নতুন জীবন শুরু করার পরিকল্পনায় তিনি নিজ পরিবারের বাড়িতেই ডাকাত দল ঢুকিয়ে দেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা ও তার প্রেমিক আরশাদ ওয়ারসিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১১ মে ভোরে একদল সশস্ত্র দুর্বৃত্ত মুরাদাবাদের ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা প্রায় ১ কোটি ২০ লাখ রুপি নগদ অর্থ ও বিপুল স্বর্ণালঙ্কার লুট করে নেয়। যাওয়ার সময় প্রমাণ নষ্ট করতে বাড়ির সিসিটিভি ক্যামেরার ডিভিআরও নিয়ে যায় তারা।
বিজ্ঞাপন
ঘটনার সময় বাড়িতে ছিলেন ব্যবসায়ী ইমরান, তার স্ত্রী ও চার সন্তান।
ঘটনার পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আরিবা দীর্ঘ ৭–৮ বছর ধরে আমরাহ জেলার আরশাদ ওয়ারসির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ভিন্ন জাতের সম্পর্কের কারণে পরিবার রাজি না হওয়ায় তারা মিলে টাকা লুট করে পালিয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেন।
বিজ্ঞাপন
পরিকল্পনা অনুযায়ী, আরিবা বাড়িতে থাকা অর্থ ও মূল্যবান জিনিসপত্রের তথ্য প্রেমিককে দেন। এমনকি এক মাস আগে বাড়ির প্রধান ফটকের চাবিও আরশাদকে সরবরাহ করেন বলে জানা গেছে। ঘটনার রাতে তিনি ভেতর থেকে ডিজিটাল লক খুলে দেন, যাতে ডাকাতরা সহজে প্রবেশ করতে পারে।
পুলিশ অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৪৭ লাখ ২৪ হাজার রুপি, চারটি দেশি আগ্নেয়াস্ত্র, পাঁচটি মোবাইল ফোন ও দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
বাকি অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারে শোক ও বিস্ময়ের ছায়া নেমে এসেছে।








