কলকাতার রাস্তায় নামাজ পড়তে বাধা পুলিশের, ব্যাপক উত্তেজনা

ভারতের কলকাতা শহরের রাজাবাজার ক্রসিং এলাকায় জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে মুসল্লিদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৫ মে) দুপুরে ব্যস্ত সড়কের একাংশে নামাজ পড়াকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জুমার নামাজের সময় রাজাবাজার ক্রসিংয়ের সড়কের একটি অংশে কয়েকজন মুসল্লি নামাজ আদায় শুরু করেন। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
বিজ্ঞাপন
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নামাজে অংশ নেওয়া কয়েকজনের দাবি ছিল, তারা আগের মতোই রাস্তায় নামাজ আদায় করতে চান।
প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জনদুর্ভোগ কমাতে ব্যস্ত সড়কে জনসমাগম ও চলাচল সংক্রান্ত কিছু নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে। এসব বিষয়ে সবার পর্যাপ্ত ধারণা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে।
বিজ্ঞাপন
খবর পেয়ে স্থানীয় থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার পর রাজাবাজার ও আশপাশের এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
বিজ্ঞাপন
নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজাবাজার ক্রসিং ও আশপাশের এলাকায় অতিরিক্ত নজরদারি এবং কড়া পুলিশি উপস্থিতি বজায় রাখা হয়েছে।








