চীন ছাড়লেন ট্রাম্প, বৈঠককে ‘অত্যন্ত সফল’ বলল দুই দেশ

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষ করে শুক্রবার (১৫ মে) তিনি বেইজিং ত্যাগ করেন। এদিকে ওয়াশিংটন ও বেইজিং—দুই পক্ষই এই বৈঠককে ‘অত্যন্ত সফল’ ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে।
বিজ্ঞাপন
শুক্রবার দুপুরে বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় চীন।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঝংনানহাইয়ে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং এটিকে ‘ঐতিহাসিক ও মাইলফলক সফর’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক’ গড়ে তোলার নতুন দিকনির্দেশনা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
শি জিনপিং আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আবারও মহান করতে চান, আর তিনি চীনা জাতির পুনর্জাগরণের লক্ষ্যে কাজ করছেন। দুই দেশেরই উচিত বৈঠকে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা।
অন্যদিকে চীনা গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ট্রাম্প এই সফরকে ‘অত্যন্ত সফল, বিশ্বজুড়ে আলোচিত এবং স্মরণীয়’ বলে উল্লেখ করেছেন। তিনি শি জিনপিংকে ‘পুরোনো বন্ধু’ হিসেবে অভিহিত করে জানান, তিনি তাকে গভীরভাবে সম্মান করেন।
বিজ্ঞাপন
ট্রাম্প আরও বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তিনি আন্তরিক ও গভীর যোগাযোগ বজায় রাখতে চান এবং ভবিষ্যতে তাকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানানোর প্রত্যাশাও ব্যক্ত করেন। তিনি জানান, শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন।








