ব্যাংককে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৮

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৫ জন। শনিবার দেশটির পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
বিজ্ঞাপন
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে মুহূর্তেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ঘটনায় আশপাশে থাকা কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত সেই আগুন আশপাশের যানবাহনেও ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা আতঙ্কে ভরে ওঠে।
পরে দমকল কর্মী ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকক পুলিশ।
বিজ্ঞাপন
দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকারী একাধিক দল দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে আহতদের বের করে আনার চেষ্টা করছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা নিরলসভাবে কাজ করেছেন।
বর্তমানে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল ঠান্ডা করা এবং জমে থাকা গ্যাস অপসারণের কাজ করছেন। এছাড়া হতাহতদের সন্ধানে এখনও তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ব্যাংকক পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি, রয়টার্স।








