Logo

ফের যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল কঠোর বার্তা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে, ২০২৬, ১৩:১৬
ফের যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল কঠোর বার্তা
ছবি: সংগৃহীত

আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে ফিরতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, চলমান উত্তেজনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং সাধারণ মার্কিন নাগরিকদের জীবনেও পড়ছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি দাবি করেন, ইরান ইস্যুকে কেন্দ্র করে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। তিনি তার পোস্টে মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির একটি চিত্রও যুক্ত করেন।

তার ভাষ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি খরচ ও মূল্যস্ফীতি বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে হয়ে থাকে।

বিজ্ঞাপন

আরাঘচি আরও বলেন, জ্বালানি ও শেয়ারবাজারের অস্থিরতার পাশাপাশি ঋণ ও গৃহঋণের সুদের হার বাড়তে থাকলে অর্থনীতিতে বড় চাপ তৈরি হবে। তার দাবি, ইতোমধ্যে গাড়ির ঋণ খেলাপির হার ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তার মতে, যুদ্ধের হুমকি দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতি আরও বাড়বে এবং অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়তে পারে।

বিজ্ঞাপন

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফও একই প্রসঙ্গে মন্তব্য করে বলেন, উচ্চ সুদে ঋণ নিয়ে একটি ‘অভিনয়ধর্মী যুদ্ধ’ চালানো হচ্ছে, যা নতুন বৈশ্বিক আর্থিক সংকট তৈরি করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ৩০ বছর মেয়াদি ২৫ বিলিয়ন ডলারের বন্ড পাঁচ শতাংশ সুদে বিক্রি করেছে, যা প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদও এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ সংকট ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়লে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় বড় অচলাবস্থার অন্যতম কেন্দ্রবিন্দু হলো হরমুজ প্রণালি। ইরান এই জলপথে নিজেদের সার্বভৌম নিয়ন্ত্রণের স্বীকৃতি চাইলেও উপসাগরীয় দেশগুলো একে আন্তর্জাতিক নৌপথ হিসেবে বিবেচনা করে আসছে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন একটি ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। এতে সহযোগী জাহাজগুলো সুবিধা পাবে এবং নির্দিষ্ট ফি দিতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD