Logo

মাদুরোর ঘনিষ্ঠ অ্যালেক্স সাব গ্রেফতার, ফেরত পাঠানো হলো যুক্তরাষ্ট্রে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে, ২০২৬, ১৫:৩৪
মাদুরোর ঘনিষ্ঠ অ্যালেক্স সাব গ্রেফতার, ফেরত পাঠানো হলো যুক্তরাষ্ট্রে
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। কলম্বিয়ান-ভেনেজুয়েলান এই ব্যবসায়ীর বহিষ্কারের বিষয়টি শনিবার (১৬ মে) নিশ্চিত করেছে ভেনেজুয়েলার অভিবাসন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মার্কিন আইনপ্রয়োগকারী এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার যৌথ অভিযানে অ্যালেক্স সাবকে গ্রেফতার করা হয়। এর এক মাস আগে একই শহরে আলাদা অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছিল বলে জানানো হয়েছে।

এই ঘটনাকে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতার নতুন পর্যায় হিসেবে দেখা হচ্ছে। ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বে এই সমন্বিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

৫৪ বছর বয়সী অ্যালেক্স সাব কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন। এর আগে ২০২০ সালে কেপ ভার্দেতে তাকে গ্রেফতার করা হয়েছিল। তখন ঘুষসংক্রান্ত অভিযোগে তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে ছিলেন। পরে ২০২৩ সালে ভেনেজুয়েলায় আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিনিময়ে একটি বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে মুক্তি দেয় যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাব যুক্তরাষ্ট্রকে মাদুরোর বিরুদ্ধে চলমান মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কে আটক করা হয় বলে জানানো হয়। তবে তারা সব অভিযোগ অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

w

এদিকে অ্যালেক্স সাবের আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD