Logo

নাইজেরিয়ায় তিন স্কুল থেকে ৫০ জনের বেশি শিশুকে অপহরণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে, ২০২৬, ১৫:২৪
নাইজেরিয়ায় তিন স্কুল থেকে ৫০ জনের বেশি শিশুকে অপহরণ
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো অঙ্গরাজ্যের একটি শহরে তিনটি স্কুলে হামলা চালিয়ে ৫০ জনের বেশি শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা। অপহৃতদের অধিকাংশই দুই থেকে পাঁচ বছর বয়সী বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ মে) সকালে বোর্নো অঙ্গরাজ্যের মুসা শহরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মোটরসাইকেলে পালানোর সময় শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে, ফলে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালাতে পারেনি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। সরকারি কর্মকর্তারাও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে শনিবার (১৬ মে) বোর্নো সাউথের সিনেটর আলি এনডুমে এক বিবৃতিতে জানান, অন্তত ৪২ জন শিশুকে দুটি স্কুল থেকে অপহরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অপহরণের ঘটনা ঘটে গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুল, মুসা সেন্ট্রাল প্রাইমারি স্কুল এবং স্টেট ইউনিভার্সাল বেসিস এডুকেশন বোর্ড সেকেন্ডারি স্কুলে।

কিছু প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, হামলাটি জঙ্গি সংগঠন বোকো হারামের হতে পারে। অঞ্চলটিতে আধিপত্য নিয়ে বোকো হারাম ও ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশের (আইএসডব্লিউএপি) মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বছরের পর বছর ধরে এই এলাকায় নিরাপত্তাহীনতা চলছে। নতুন করে এমন হামলার পর মুসা শহর থেকে অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যেতে শুরু করেছে।

বিজ্ঞাপন

একজন অভিভাবক, যার ছয় বছর বয়সী সন্তানকে অপহরণ করা হয়েছে বলে জানান, বলেন, “এখন শুধু অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।”

মুসা সেন্ট্রাল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আবদু ডুনামা জানান, প্রথমে গুলির শব্দ শোনা যায়, এরপর সশস্ত্র লোকজন স্কুলে ঢুকে শিক্ষার্থীদের জড়ো করে নিয়ে যায়। তার তথ্য অনুযায়ী, অন্তত ৩৪ জন শিশু ওই স্কুল থেকে অপহৃত হয়েছে, যাদের বেশিরভাগই নার্সারির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, সেনারা এলাকা ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হামলাকারীরা মোটরসাইকেলে করে স্কুলে প্রবেশ করে। এ সময় এলোপাতাড়ি গুলি চালানো হয় এবং আতঙ্কে মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকে।

অনেকে পাহাড়ের পাশ থেকে দেখেছেন, কীভাবে শিশুদের মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু বড় শিক্ষার্থী পালিয়ে পাশের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে প্রাণে রক্ষা পায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সরকারের কাছে দ্রুত উদ্ধার অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন।

নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে এবং অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD