Logo

রাশিয়ায় এক রাতেই পাঁচ শতাধিক ড্রোন হামলা ইউক্রেনের, নিহত ৩

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে, ২০২৬, ১৪:৩৭
রাশিয়ায় এক রাতেই পাঁচ শতাধিক ড্রোন হামলা ইউক্রেনের, নিহত ৩
ছবি: সংগৃহীত

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক রাতেই পাঁচ শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং একাধিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে ২০২৬) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কোসহ এক ডজনের বেশি অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ৫৫৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ টেলিগ্রামে জানান, একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত করলে এক নারী নিহত হন। আরেকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। এছাড়া ভোরের দিকে পৃথক ঘটনায় দুই পুরুষ নিহত হন বলেও তিনি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ভোর ৩টা থেকে রাজধানী ও আশপাশের এলাকায় বড় পরিসরের ড্রোন হামলা প্রতিহত করা হয়। এতে চারজন আহত হয়েছেন এবং কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মস্কো শহর প্রশাসনের বরাত দিয়ে বলা হয়, রাতভর অন্তত ৭৪টি ড্রোন প্রতিহত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কিছু স্থানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মেয়র সের্গেই সোবিয়ানিন।

গত ২৪ ঘণ্টায় মোট ১২০টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। তুলনামূলকভাবে মস্কো শহর কম লক্ষ্যবস্তু হলেও রাজধানী অঞ্চল প্রায়ই ড্রোন হামলার মুখে পড়ছে।

বিজ্ঞাপন

এর আগে কিয়েভে রাশিয়ার হামলায় ২৪ জন নিহত হওয়ার ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেন।

এদিকে মঙ্গলবার বন্দি বিনিময় এবং তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে মস্কো ও কিয়েভের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও বেড়েছে।

বিজ্ঞাপন

চার বছরেরও বেশি সময় ধরে চলমান এই সংঘাতে ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার ভেতরে সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে আসছে বলে দাবি করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD