দিনের আকাশে দেখা গেল ঈদের চাঁদ!

সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদের ছবি প্রকাশ করা হয়েছে। দেশটিতে রবিবার (১৭ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার প্রস্তুতি চললেও তার আগেই দিনের বেলায় প্রযুক্তির সহায়তায় চাঁদের ছবি ধারণ করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে আবুধাবির আকাশে চাঁদের ছবিটি তোলে আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র, যা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের সঙ্গে যুক্ত।
সংস্থাটি জানিয়েছে, ছবিটি তোলার সময় চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা। সে সময় চাঁদ সূর্য থেকে ৭ দশমিক ৮ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।
বিজ্ঞাপন
জ্যোতির্বিদ মোহাম্মদ শওকত ওদেহ চাঁদের এই ছবিটি ধারণ করেন। এ কাজে তাকে সহায়তা করেন খালফান আল নুয়াইমি, ওসামা ঘান্নাম এবং আনাস মোহাম্মদ।
এদিকে আমিরাত সরকার সন্ধ্যায় দেশের নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। কেউ খালি চোখে চাঁদ দেখতে পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।
সূর্যাস্তের পর পশ্চিম আকাশে অর্ধচন্দ্র দেখা গেলে আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে জ্যোতির্বিদরা পূর্বাভাস দিয়েছিলেন, ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সেই হিসাবে ২৭ মে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার সম্ভাবনাই বেশি।
বিজ্ঞাপন
ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করা হয়। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই আজ চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনসহ আরব বিশ্বের অধিকাংশ দেশে একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
সূত্র: গালফ নিউজ
বিজ্ঞাপন








