আগেভাগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো ৩ মুসলিম দেশ

তিউনিশিয়া, তুরস্ক ও আফগানিস্তান আগেভাগেই ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে। দেশ তিনটির ঘোষণায় একই দিনে অর্থাৎ আগামী ২৭ মে (বুধবার) ঈদ পালিত হবে।
বিজ্ঞাপন
উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া সবার আগে আনুষ্ঠানিকভাবে জানায়, ১৮ মে থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে। ইসলামি চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী ১০ জিলহজে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ায় সেখানে ২৭ মে ঈদের দিন নির্ধারণ করা হয়েছে।
তুরস্ক চাঁদ দেখার পরিবর্তে সম্পূর্ণভাবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও ক্যালেন্ডারভিত্তিক গণনার ওপর নির্ভর করে। সেই হিসাব অনুযায়ী দেশটিতেও ১৮ মে থেকে জিলহজ শুরু এবং ২৭ মে ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানও একই দিনে ঈদুল আজহা পালনের সিদ্ধান্ত জানিয়েছে। রোববার (১৭ মে) দেশটির সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে জানানো হয়, শনিবার সন্ধ্যায় কোনো অঞ্চল থেকেই জিলহজের চাঁদ দেখার নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে ১৭ মে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করেছে এবং ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে।
ঘোষণা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) পালিত হবে আরাফাত দিবস এবং ২৭ মে (বুধবার) সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
বিজ্ঞাপন
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, যা হজের মূল আনুষ্ঠানিকতার সঙ্গে সম্পর্কিত। হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মৃতিবিজড়িত এই উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।








