আমিরাতে পারমাণবিক কেন্দ্রের কাছে ড্রোন হামলা, অগ্নিকাণ্ড

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেজস্ক্রিয়তার মাত্রায়ও কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
রবিবার আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি অংশে এই ঘটনা ঘটে।
আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, বিদ্যুৎকেন্দ্রের ভেতরের নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন আঘাত হানে। এতে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়।
বিজ্ঞাপন
কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং কোনো ধরনের প্রাণহানি ঘটেনি। পাশাপাশি পারমাণবিক নিরাপত্তা ও তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কোনো ঝুঁকি তৈরি হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির গুরুত্বপূর্ণ সব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে। তবে এই হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে দেশটির জ্বালানি ও সামুদ্রিক অবকাঠামোতে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছিল আবুধাবি।








