তৃতীয়-চতুর্থ সন্তান নিলেই মিলবে নগদ ৪০-৫০ হাজার টাকা

জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়ার প্রবণতা ঠেকাতে ভারতের অন্ধ্র প্রদেশ সরকার নতুন প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির আওতায় কোনো পরিবারে তৃতীয় সন্তান জন্ম নিলে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তান জন্মালে ৪০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) শ্রীকাকুলাম জেলায় এক জনসভায় এ ঘোষণা দেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তিনি জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নের বিস্তারিত নীতিমালা আগামী এক মাসের মধ্যে প্রকাশ করা হবে।
চন্দ্রবাবু নাইডু বলেন, তৃতীয় সন্তানের জন্য ৩০ হাজার এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি (বাংলা টাকায় প্রায় ৪০-৫০ হাজার ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুদের বোঝা নয়, বরং দেশের সম্পদ হিসেবে দেখা উচিত।
বিজ্ঞাপন
অন্ধ্র প্রদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমেই কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, একসময় তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে থাকলেও বর্তমান বাস্তবতায় জন্মহার বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন।
এর আগে দ্বিতীয় সন্তান জন্মের ক্ষেত্রে ২৫ হাজার রুপি প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। চলতি বছরের মার্চে রাজ্য বিধানসভায় সে পরিকল্পনার কথা জানানো হয়।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদব বলেন, সরকার এখন তৃতীয় ও চতুর্থ সন্তান নেওয়ার ক্ষেত্রেও আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
মুখ্যমন্ত্রী আরও বলেন, আয় বাড়ার সঙ্গে সঙ্গে অনেক দম্পতি একটি সন্তানেই সীমাবদ্ধ থাকছেন। আবার প্রথম সন্তান কন্যা হলে অনেক পরিবার দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেয়। এসব কারণে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী হচ্ছে।
তিনি জনসংখ্যা স্থিতিশীল রাখতে মোট প্রজনন হার ২ দশমিক ১ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, বিশ্বের অনেক দেশে জন্মহার কমে যাওয়া এবং বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়ায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।








