হজের পর ওমরাহ ভিসা চালু হবে কবে, জানাল সৌদি আরব

হজ মৌসুম শেষে আগামী ৩১ মে থেকে পুনরায় ওমরাহ ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৪৪৮ হিজরি সনের নতুন হজ ক্যালেন্ডারে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৩১ মে থেকেই ওমরাহ ভিসা দেওয়া শুরু হবে এবং একই দিন থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি মিলবে। এছাড়া ১ জুন থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ ও ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) ইস্যু আবার চালু হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সন্ধ্যায় দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি মুসল্লিদের জন্য ওমরাহ ভিসা ইস্যু করা হবে। ভিসাপ্রাপ্ত যাত্রীরা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ওমরাহ ভিসায় যাওয়া সব যাত্রীকে আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।
এর আগে ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মে ওমরাহ কোম্পানিগুলোর জন্য প্রাক-পরিষেবা কার্যক্রম চালু করা হয়। পরদিন ১২ মে থেকে ওমরাহ সেবাদাতা প্রতিষ্ঠান ও সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক চুক্তি সম্পন্নের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।








