সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৬ মে পালিত হবে আরাফাত দিবস এবং ২৭ মে (বুধবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
বিজ্ঞাপন
রবিবার চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশও ঈদের সম্ভাব্য তারিখ নিশ্চিত করেছে।
এর আগে তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। এসব দেশের ঘোষণায় বলা হয়েছে, আগামী ২৭ মে বুধবার কোরবানির ঈদ উদযাপিত হবে।
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি হয়েছে। ফলে সোমবার (১৮ মে) থেকে সেখানে জিলহজ মাস শুরু হচ্ছে। এই হিসাব ধরেই দুই দেশ ২৭ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে একদিন পরে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। ফলে ব্রুনেইতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার)।
এদিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া এ বছর সবার আগে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস ও ঈদের তারিখ ঘোষণা করে। দেশটিও জানিয়েছে, সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ২৭ মে পালিত হবে ঈদুল আজহা।
বিজ্ঞাপন
অন্যদিকে তুরস্ক চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক জ্যোতির্বিজ্ঞান ও ক্যালেন্ডারভিত্তিক হিসাব অনুসরণ করে। সেই গাণিতিক হিসাব অনুযায়ী দেশটি আগেই ঘোষণা দেয়, সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদ উদযাপিত হবে।
দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানও একই দিনে ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। রবিবার দেশটির সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে জানায়, শনিবার সন্ধ্যায় দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং সোমবার থেকে নতুন মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
বিজ্ঞাপন
বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার পদ্ধতি ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পার্থক্যের কারণে ঈদের তারিখে একদিনের ভিন্নতা দেখা দিলেও অধিকাংশ মুসলিমপ্রধান দেশ এবার একই দিনে ঈদ উদযাপনের পথে রয়েছে।








