ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কোনো আপস নয়: ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো ধরনের আলোচনা বা ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
বিজ্ঞাপন
তিনি বলেন, এটি কোনো আলোচনার বিষয় নয় এবং কোনোভাবেই আপস করা হবে না। নন-প্রোলিফারেশন ট্রিটি (এনপিটি) অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত বলেও তিনি দাবি করেন। খবর বিবিসির।
এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার মাধ্যমে দেশগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, তবে পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শর্ত আদান-প্রদান নিয়ে প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরানের অবস্থান পরিষ্কার। তাঁর মতে, ইরানের জব্দ করা সম্পদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারকে তারা শর্ত নয়, বরং ন্যায্য দাবি হিসেবে দেখে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমে গেছে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতসহ অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। তাঁর মন্তব্য অনুযায়ী, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার পরিবর্তে অস্থিতিশীলতা বাড়িয়েছে।








