যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো ইরানের প্রস্তাব ফাঁস

যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানের পাঠানো সংশোধিত প্রস্তাব ফাঁস হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া দাবি করেছে, তারা ওই প্রস্তাবের কয়েকটি অংশ সংগ্রহ করে সোমবার (১৮ মে) প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরান শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর করতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিলেন, ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে। তবে তেহরান জানিয়েছে, তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে না পাঠিয়ে রাশিয়ার কাছে হস্তান্তরের পক্ষেই থাকবে এবং সেটিও নির্দিষ্ট শর্তের ভিত্তিতে।
ফাঁস হওয়া প্রস্তাবে আরও বলা হয়েছে, ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে প্রস্তুত, তবে স্থায়ীভাবে তা বন্ধ করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, ইরানকে সম্পূর্ণভাবে পারমাণবিক কার্যক্রম থেকে সরে আসতে হবে।
বিজ্ঞাপন
সংশোধিত প্রস্তাবে ইরান আরও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দাবি করবে না। তবে এর পরিবর্তে অর্থনৈতিক ছাড় বা সুবিধা চেয়েছে তেহরান।
ইরানি আলোচকদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, ইরান ১৪ দফা সমন্বিত একটি নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধ পরিস্থিতি প্রশমিত করা এবং ওয়াশিংটনের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলা।
বিজ্ঞাপন
এদিকে বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো পূর্বঘোষণা ছাড়াই ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন। সফরের তৃতীয় দিনেও তার অবস্থান বাড়ানো হয়েছে। এর মধ্যেই জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরান নতুন এই প্রস্তাব পাঠিয়েছে।
সূত্র: আল-আরাবিয়া








