Logo

ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, চলছে গুরুত্বপূর্ণ আলোচনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে, ২০২৬, ১১:৫১
ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, চলছে গুরুত্বপূর্ণ আলোচনা
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মঙ্গলবার (২০ মে) নির্ধারিত এ হামলা গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের নেতাদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেন, আলোচনায় গ্রহণযোগ্য কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে।

যদিও হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প, তবে তিনি মার্কিন সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প একাধিকবার ইরানকে সতর্ক করে আসছেন। সম্প্রতি তিনি বলেছিলেন, ‘ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। দ্রুত সিদ্ধান্ত না নিলে তাদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না।’

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের অবস্থান আবারও কঠোর হলেও কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রয়েছে। বিশেষ করে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা রাখছে।

ট্রাম্পও জানিয়েছেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধেই হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ইরান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলোচনা করেছেন ট্রাম্প। এতে স্পষ্ট, ইরান ইস্যু এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, নতুন কোনো সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বাড়তে পারে। তবে আপাতত আলোচনা চলমান থাকায় সংঘাত এড়ানোর সুযোগ এখনো রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD