Logo

হামলা হলে ‘রক্তস্নান’ হবে: যুক্তরাষ্ট্রকে কঠোর হুমকি কিউবার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে, ২০২৬, ১৩:০২
হামলা হলে ‘রক্তস্নান’ হবে: যুক্তরাষ্ট্রকে কঠোর হুমকি কিউবার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র কিউবায় কোনো ধরনের আগ্রাসী হামলা চালালে ভয়াবহ পরিণতি হবে বলে কঠোর হুমকি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। তিনি সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে তা ‘রক্তস্নানে’ রূপ নিতে পারে।

বিজ্ঞাপন

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের জন্য হুমকি ছিল না, ভবিষ্যতেও নয়। তবে দেশটির ওপর হামলা চালানো হলে এর ফল হবে অত্যন্ত ভয়াবহ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিউবার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। দুই মাস আগে দেশটির ওপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার আওতায় কিউবাকে জ্বালানি সরবরাহকারী দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ভেনেজুয়েলা থেকে কম দামে পাওয়া জ্বালানি কিউবার প্রধান উৎস ছিল। সেই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দেশটিতে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিবেদনে দাবি করা হয়, কিউবা রাশিয়া ও ইরানের কাছ থেকে প্রায় ৩০০টি সামরিক ড্রোন সংগ্রহ করছে। এসব ড্রোন মার্কিন সামরিক ঘাঁটি এবং ফ্লোরিডা উপকূলের লক্ষ্যবস্তুতে ব্যবহার হতে পারে—এমন তথ্যও প্রতিবেদনে উঠে আসে।

বিজ্ঞাপন

এর জবাবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ কিউবার গোয়েন্দা সংস্থা জি-টু এবং দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। তালিকায় মন্ত্রী, সামরিক কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাও রয়েছেন।

নতুন এই নিষেধাজ্ঞার পরদিনই কঠোর বার্তা দেন প্রেসিডেন্ট দিয়াজ-কানেল।

এ বিষয়ে কিউবার জাতিসংঘ প্রতিনিধি এরনেস্তো সোবেরন গুজমান বলেন, কিউবার ওপর কোনো ধরনের আগ্রাসন চালানো হলে দেশটি অবশ্যই প্রতিরোধ করবে। তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও কিউবার অবস্থান পরিবর্তন হবে না।

বিজ্ঞাপন

সূত্র : এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD