এবার ডোনাল্ড ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন কেন্দ্রীয় কমান্ডের শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের বিরুদ্ধে ইরানের ইসলামি প্রজাতন্ত্র সরকার ‘মাথার দাম’ নির্ধারণ করেছে বলে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইউকে–এর এক প্রতিবেদনে। সেখানে বলা হয়, ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজির বক্তব্যের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প, নেতানিয়াহু এবং ব্র্যাড কুপার—এই তিনজনের জন্য মোট ৫ কোটি ইউরো বা প্রায় ৫ কোটি ৮০ লাখ ৮৩ হাজার মার্কিন ডলারের পুরস্কার ঘোষণার বিষয়টি আলোচনায় এসেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই তিনজনকে “নরকে পাঠাতে সক্ষম হবে” তারা এই অর্থমূল্যের পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। তবে এখনো বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণার পর্যায়ে পৌঁছায়নি।
বিজ্ঞাপন
“পার্লামেন্টে ‘কাউন্টার-অ্যাকশন বাই মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অব দ্য ইসলামিক রিপাবলিক’ নামে একটি বিল তৈরি করা হচ্ছে। সেখানে সংবিধিবদ্ধভাবে এই পুরস্কারের ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলেই এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।”
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতেই এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এব্রাহিম আজিজি।
বিজ্ঞাপন
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়ান এ বিষয়ে টেলিগ্রাফ ইউকে-কে জানিয়েছেন, “ট্রাম্প এবং নেতানিয়াহুকে নরকে পাঠানো বিষয়ক বিলটির ওপর শিগগিরই পার্লামেন্টে ভোট হবে।”
ইরানের সরকারপন্থি সংবাদমাধ্যম মাসাফ এক প্রতিবেদনে জানিয়েছে, মাথার দাম ঘোষণার ব্যাপারটি ব্যাপকভাবে প্রচারের জন্যও আলাদাভাবে ৫ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহুকে লক্ষ্য করে গুপ্তহত্যার হুমকি ও প্রচারণার অভিযোগ উঠেছিল। গত বছর ট্রাম্প এক বক্তব্যে বলেছিলেন, তাকে হত্যার চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং সংশ্লিষ্টদের পৃথিবী থেকে মুছে ফেলা হবে।
বিজ্ঞাপন
সূত্র : টেলিগ্রাফ ইউকে, এনডিটিভি ওয়ার্ল্ড








