‘যুদ্ধে স্বেচ্ছায় জীবন দিতে’ সম্মত হওয়া তরুণ-তরুণীদের গণবিয়ে দিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে অংশ নিয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের অঙ্গীকার করা কয়েকশ তরুণ-তরুণীর গণবিয়ের আয়োজন করেছে ইরান। সোমবার (১৮ মে) রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে এসব বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এ উদ্দেশ্যে ইরান সরকার একটি বিশেষ কর্মসূচি চালু করেছে। এতে অংশ নেওয়া ব্যক্তিরা নাম নিবন্ধনের মাধ্যমে প্রতিশ্রুতি দিচ্ছেন, দেশের প্রয়োজনে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেবেন এবং প্রয়োজন হলে জীবন বিসর্জন দেবেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে গণবিয়ের ভিডিও সম্প্রচার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জনগণের মনোবল দৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি দিয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির সরকার অভ্যন্তরীণ জনসমর্থন জোরদারের চেষ্টা করছে।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ স্থাপনায় মানবঢাল হিসেবেও অবস্থান নেবেন, যাতে সম্ভাব্য হামলা প্রতিহত করা যায়।
বিজ্ঞাপন
ইরান সরকারের দাবি, ইতোমধ্যে কয়েক লাখ মানুষ এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফও রয়েছেন।
সূত্র: ফ্রান্স-২৪








