Logo

কেশম দ্বীপে বিস্ফোরণের কারণ জানাল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে, ২০২৬, ২০:২৬
কেশম দ্বীপে বিস্ফোরণের কারণ জানাল ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কেশম দ্বীপে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দের কারণ জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, শত্রুপক্ষের অবিস্ফোরিত গোলাবারুদ ধ্বংসের সময়ই এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিজ্ঞাপন

এর আগে বিষয়টি প্রথম সামনে আনে বার্তাসংস্থা মেহের নিউজ। তারা জানায়, বিস্ফোরণের প্রকৃত কারণ তখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন ছিল।

স্থানীয় সূত্র অনুযায়ী, গতকাল দ্বীপটিতে ছোট ছোট ড্রোন উড়তে দেখা যায়। সেগুলো প্রতিহত করতে তখন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

বিজ্ঞাপন

কেশম দ্বীপটি ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। হরমুজ প্রণালির প্রবেশমুখে কৌশলগত অবস্থানের কারণে দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। সেখানে ইরানের সশস্ত্র বাহিনীর একটি ঘাঁটিও রয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস দাবি করেছিল, নতুন করে ইরানে হামলা শুরু হলে যুক্তরাষ্ট্র দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপ দখলের চেষ্টা করতে পারে—এর মধ্যে খার্গ দ্বীপও রয়েছে, যেখান থেকে ইরান বিপুল পরিমাণ তেল রপ্তানি করে।

সূত্র: তাসনিম নিউজ, মেহের নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD