Logo

সায়নী ঘোষকে হত্যায় ১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ মে, ২০২৬, ১৫:৪১
সায়নী ঘোষকে হত্যায় ১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা!
ছবি: সংগৃহীত

ভারতের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সায়নী ঘোষকে হত্যা করে তার মাথা এনে দিলে ১ কোটি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার সিকান্দরাবাদ পৌরসভার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে সায়নী ঘোষের বিরুদ্ধে এমন উসকানিমূলক বক্তব্য দিতে শোনা গেছে বলে অভিযোগ করা হচ্ছে।

একটি পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত। ওই পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো মন্তব্য ছিল বলে দাবি করে কিছু সংগঠন। এরপর থেকেই বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়।

বিজ্ঞাপন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সায়নী ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, এ ধরনের প্রকাশ্য হত্যার হুমকি কি নারীর নিরাপত্তা ও সম্মানের উদাহরণ?

তিনি আরও বলেন, নির্বাচনের সময় নারী নিরাপত্তা নিয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে একজন নির্বাচিত নারী জনপ্রতিনিধিকে এভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে।

বিজ্ঞাপন

ঘটনার তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সায়নী ঘোষ। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রদীপ দীক্ষিত। তার দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে। ঘটনাটি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও আলোচনা অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD