Logo

কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: মার্কো রুবিও

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ মে, ২০২৬, ১৫:২৮
কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: মার্কো রুবিও
ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি। একই সঙ্গে তিনি মনে করেন, দেশটির সঙ্গে নিকট ভবিষ্যতে কোনো শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ কূটনৈতিক সমাধান। তবে তিনি দাবি করেন, যেসব পক্ষের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্র কাজ করছে, তাদের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর সুযোগ খুব সীমিত।

তিনি আরও অভিযোগ করেন, কিউবা পুরো আমেরিকা অঞ্চলে সন্ত্রাসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। তবে একই সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব হলো দেশ ও নাগরিকদের যেকোনো হুমকি থেকে সুরক্ষা দেওয়া।

বিজ্ঞাপন

রুবিওর এসব মন্তব্যকে “মিথ্যা” বলে প্রত্যাখ্যান করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না।

অন্যদিকে রুবিওর বক্তব্য প্রচারের পর রদ্রিগুয়েজ আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের উসকানি দিচ্ছে এবং দেশটির বিরুদ্ধে “নিষ্ঠুর ও পরিকল্পিত হামলার” প্রস্তুতি চলছে।

এদিকে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউবায় জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাবে বিদ্যুৎ ঘাটতি ও খাদ্য সংকটও তীব্র হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তবে রুবিও দাবি করেন, সম্প্রতি কিউবাকে ১০ কোটি ডলারের মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন, যা তারা গ্রহণ করেছে।

এছাড়া কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে ফ্লোরিডার মিয়ামি আদালতে হত্যার অভিযোগে মামলা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবিও বলেন, কাউকে যুক্তরাষ্ট্রে আনা হবে কি না বা কীভাবে আনা হবে—এ ধরনের পরিকল্পনা তিনি প্রকাশ করবেন না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD