মার্কিন কনস্যুলেট উদ্বোধন, বিক্ষোভে উত্তাল গ্রিনল্যান্ড

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের নতুন কনস্যুলেট উদ্বোধনকে কেন্দ্র করে রাজধানী নুক শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার (২১ মে) বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহরটি।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন কূটনৈতিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে বিক্ষোভকারীরা ‘গো হোম ইউএসএ’ স্লোগান দেন। কনস্যুলেট ভবনের সামনে ‘আমরা তোমাদের অর্থ চাই না’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে দেখা যায় অনেককে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও বিক্ষোভকারীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। উদ্বোধনী সংবর্ধনার সময় পুরো এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডরিক নেইলসেন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেননি। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে তিনি অনুষ্ঠান বর্জন করেন বলে জানা গেছে। এছাড়া কয়েকজন সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতাও আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও কৌশলগত উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবেই এই নতুন কনস্যুলেট চালু করা হয়েছে। ডেনমার্কের অধীন আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন আগ্রহ দীর্ঘদিনের।
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতেও আর্কটিক অঞ্চলের এই দ্বীপটির মালিকানা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ডেনমার্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন হাউরি বলেছেন, যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের পথ থেকে সরে এসেছে এবং গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণই।
তবুও নতুন কনস্যুলেট উদ্বোধনকে কেন্দ্র করে দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের বাড়তি প্রভাব বিস্তার নিয়ে জনমনে যে অস্বস্তি ও বিরোধিতা রয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে সেটিই স্পষ্ট হয়ে উঠেছে।








