ইরানে দুই সরকারবিরোধী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে চলতি বছরের জানুয়ারিতে সংঘটিত সরকারবিরোধী আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দেশটির বিচার বিভাগ পরিচালিত রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির সরকারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে অভিযুক্ত জাভাদ জামানি ও আবুলফজল সায়েদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ইরানি কর্তৃপক্ষের দাবি, ‘মুহারেবা’ (সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ) এবং ‘পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি’—এই দুই গুরুতর অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করেছিল। পাশাপাশি রাষ্ট্রীয় ও বেসরকারি সম্পদ ইচ্ছাকৃতভাবে ধ্বংসের অভিযোগও তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভাষ্য, ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে সংঘটিত কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর থেকেই বিদেশি শক্তির পক্ষে কাজ করার অভিযোগে অভিযুক্ত বন্দিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
নির্বাহ করা মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে অনেকেই যুদ্ধ শুরুর আগে সংঘটিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ইরানি কর্তৃপক্ষ ওই আন্দোলনকে বিদেশি মদদপুষ্ট দাঙ্গা হিসেবে বর্ণনা করে আসছে।
বিজ্ঞাপন
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি, চীনের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যার মধ্যে ১৮ জন বিক্ষোভ-সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন।
সূত্র: এএফপি








