Logo

খামেনির জানাজা ঘিরে ইরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১১:৩৭
খামেনির জানাজা ঘিরে ইরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইরানের কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি দেশটির ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান হতে যাচ্ছে। অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে কোটি মানুষের অংশগ্রহণের পাশাপাশি বহু রাষ্ট্র ও ধর্মীয় প্রতিনিধির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ছয় দিনব্যাপী এই রাষ্ট্রীয় কর্মসূচি ইরানের একাধিক শহর এবং প্রতিবেশী ইরাকের কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরীতে অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে জানাজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। এরপর সোমবার তেহরানের রাজপথে একটি শোক মিছিল বের হবে। পরবর্তীতে এই কর্মসূচি ইরানের পবিত্র শহর কোম হয়ে ইরাকের নজফ ও কারবালায় গড়াবে।

বিজ্ঞাপন

কর্মসূচির শেষ ধাপে আগামী ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির মরদেহ তার জন্মস্থান মাশহাদে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইরান সরকারের ধারণা, জানাজা ও দাফনের বিভিন্ন পর্বে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ অংশ নিতে পারেন। সম্ভাব্য বিপুল জনসমাগমকে কেন্দ্র করে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

আন্তর্জাতিক পর্যায়েও এ আয়োজনকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়া বিশ্বের প্রায় ৯০টি দেশের ধর্মীয় নেতাদের উপস্থিতিরও সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। চলতি মাসের শুরুতে পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে। তার মৃত্যু দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর প্রভাব ফেলেছে। সেই প্রেক্ষাপটেই ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD