ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

নতুন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নৌবাহিনীতে যুক্ত হতে যাওয়া পাঁচ হাজার টনের অত্যাধুনিক ডেস্ট্রয়ার ব্যবহার করে এই সামরিক সক্ষমতা প্রদর্শন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে এসব মহড়া ও পরীক্ষা সম্পন্ন হয়।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম শুক্রবার কাং কন ডেস্ট্রয়ার থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। তিনি আগামী দুই মাসের মধ্যে যুদ্ধজাহাজটিকে দেশের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিকভাবে জলে নামানোর সময় কাং কন নামের এ ডেস্ট্রয়ারটি দুর্ঘটনার শিকার হয়েছিল। এর প্রায় এক মাস পর, গত বছরের জুনে পিয়ংইয়ং ডেস্ট্রয়ারটির উদ্বোধন করে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার যুদ্ধজাহাজটি থেকে পূর্ব সাগরের দিকে উত্তর কোরিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করা হয়েছে।
ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সিউল ও ওয়াশিংটন বিষয়টির বিস্তারিত বিশ্লেষণ করছে।
বিজ্ঞাপন
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধজাহাজে সংযুক্ত বিভিন্ন অস্ত্রব্যবস্থার কার্যকারিতা ও যুদ্ধ প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই মহড়া পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা এবং যুদ্ধের প্রস্তুতি বাড়াতে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দিয়েছেন কিম জং উন।
সূত্র: আনাদোলু এজেন্সি
বিজ্ঞাপন








