হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশগুলো ‘বিশেষ’ সুবিধা পাবে: ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য নতুন সেবা মাশুল চালুর পরিকল্পনা করেছে ইরান। তবে চীনসহ তেহরানের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে এ ব্যবস্থায় বিশেষ সুবিধা দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি।
বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে অংশ নিয়ে এ তথ্য জানান দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি।
রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবস্থাপনায় ওমানের সঙ্গে মিলে একটি নতুন রূপরেখা তৈরির বিষয়ে কাজ করছে তেহরান।
বিজ্ঞাপন
তিনি বলেন, হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে নতুন এই মাশুল আদায় করা হবে। যদিও ওয়াশিংটন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে এর মধ্যেই ফাজলি আশ্বস্ত করেছেন, বন্ধুভাবাপন্ন দেশগুলোর জন্য বিশেষ ছাড় থাকবে।
যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, বাণিজ্যিক জাহাজগুলো ৬০ দিন বিনামূল্যে এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে ওই মেয়াদের পর পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনও স্পষ্ট নয়।
ওয়ার্ল্ড পিস ফোরামে ইরানি রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ‘নতুন বিন্যাসের’ জন্য ওমানের সঙ্গে সহযোগিতা ও যৌথতার ভিত্তিতে কাজ করছে ইরান।
বিজ্ঞাপন
তিনি বলেন, হরমুজ প্রণালির একটি অংশ যেহেতু আমাদের জলসীমার মধ্যে পড়েছে, তাই আমরা অবশ্যই সেবা মাশুল নেব। তবে এটি কোনও ‘টোল’ নয় বলেও দাবি করেন তিনি।
ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘‘এই নতুন ব্যবস্থাপনার মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত, জাহাজ চলাচলের ওপর নজরদারি... এবং বিপুলসংখ্যক জাহাজের যাতায়াতের কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবিলা করা।’’
বিজ্ঞাপন
তিনি বলেন, যেসব দেশ আমাদের বন্ধু ছিল এবং বিশেষ করে কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের জন্য আমরা অবশ্যই বিশেষ সুবিধার কথা বিবেচনা করব।
বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত চলাকালে ইরান এই নৌপথ প্রায় পুরোপুরি বন্ধ করে দিলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যায়।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার পর হরমুজ প্রণালির ওপর আরোপিত অবরোধ তুলে নেয় তেহরান। বর্তমানে সংঘাতের স্থায়ী সমাধান খুঁজতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি।








