টার্গেট মার্কিন ঘাঁটি, মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা শুরু ইরানের

ইরানে রাতভর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এই পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
ইরানের হামলার পর বাহরাইনের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বার্তায় নাগরিকদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েতের একটি ঘাঁটি তাদের সেনাদের হামলায় কেঁপে উঠেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অপর একটি সূত্র জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা হামলা শুরু হয়েছে। তবে যুদ্ধের শুরুতে হামলার যে তীব্রতা ছিল সেটি এখন পর্যন্ত পরীলক্ষিত হয়নি।
এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, দেশটির গোলেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেলসেতু লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বাহিনীটি জানিয়েছে, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিজ্ঞাপন








