Logo

স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন, ২ বছর পর মিলল মরদেহ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ২০:৫৯
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন, ২ বছর পর মিলল মরদেহ
ছবি: সংগৃহীত

দুই বছর আগে স্বামীর সংসার ত্যাগ করে প্রেমিকের সঙ্গে চলে গিয়েছিলেন ভারতের বিহারের এক গৃহবধূ। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে দামান শহরে একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার পর নিহতের বর্তমান সঙ্গী ও অভিযুক্ত প্রেমিক এখনো পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

নিহতের নাম ছোটি কুমারী। তার বাড়ি বিহারের নওয়াদা জেলায়। সম্প্রতি দামান পুলিশের কাছে একটি ট্রলি ব্যাগে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিহারে থাকা তার পরিবারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বর্তমানে এই ঘটনায় প্রধান অভিযুক্ত প্রেমিক ঋষভ কুমারের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবারের দেওয়া তথ্য অনুসারে, বিবাহিত থাকা অবস্থাতেই ঋষভের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ছোটি কুমারী। পরিবারের তীব্র আপত্তি সত্ত্বেও প্রায় দুই বছর আগে তিনি স্বামীকে ছেড়ে ঋষভের সঙ্গে পালিয়ে যান। সে সময় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ও অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু এরপর থেকে ওই গৃহবধূর আর কোনো সন্ধান পায়নি তার পরিবার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তদন্তে জানা গেছে, বিহার ছাড়ার পর ছোটি কুমারী ও ঋষভ দামান শহরে চলে আসেন। সেখানে একটি বাড়ি ভাড়া নিয়ে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে একসঙ্গে বসবাস শুরু করেন।

বিজ্ঞাপন

দীর্ঘ দুই বছর পর ট্রলি ব্যাগে মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে পরিবারের দীর্ঘদিনের নিখোঁজ রহস্যের অবসান ঘটলেও এই ঘটনা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, ঋষভই তাকে নৃশংসভাবে খুন করে পালিয়েছেন। কী কারণে এবং কীভাবে ওই নারীকে হত্যা করে লাশ ব্যাগে ভরে ফেলে রাখা হলো, তা এখনো পুলিশের কাছে পরিষ্কার নয়। পলাতক ঋষভকে গ্রেপ্তারের পরই এই হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।

দামান পুলিশ জানিয়েছে, হত্যায় অভিযুক্ত লিভ-ইন সঙ্গী ঋষভ কুমার ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD