Logo

নাইজেরিয়ায় রাতের আঁধারে হামলা, নিহত অন্তত ২৫

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬, ২০:২৫
নাইজেরিয়ায় রাতের আঁধারে হামলা, নিহত অন্তত ২৫
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে রাতের আঁধারে চালানো হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। এ হামলার অস্থিরতাপ্রবণ ওই অঞ্চলে নতুন করে প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।

বিজ্ঞাপন

প্লাটো রাজ্যে দীর্ঘদিন ধরে চলা নিরাপত্তাহীনতার চিত্র আবারও সামনে নিয়ে এসেছে এ হামলার ঘটনা। অঞ্চলটিতে কৃষিভিত্তিক সম্প্রদায় ও পশুপালকদের মধ্যে জমি ও সম্পদের মালিকানা এবং নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই বিরোধ দেখা দেয়। এসব বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী ও প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে নিয়মিতভাবে বহু মানুষ প্রাণ হারান এবং অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েন।

রাজ্যের স্থানীয় কাউন্সিলর লেমুন লে’আন ইলিয়া জানান, হামলার ঘটনায় ঘটনাস্থলেই ২৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমোস জন নামের এক স্থানীয় বাসিন্দা বলেছেন, চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৫ জনে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, হামলাকারীরা রামদা ও ধারালো অস্ত্র নিয়ে একের পর এক বাড়িতে ঢুকে নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

প্লাটো রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর তারা আনুষ্ঠানিক বিবৃতি দেবেন।

এদিকে স্থানীয় মওয়াগাভুল ইয়ুথ মুভমেন্ট নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন দুস্থ ও অরক্ষিত জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ তুলে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা পুনঃমূল্যায়নের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনটির মুখপাত্র তুবওত জোয়েল সানডে বলেন, স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের ওপর একের পর এক ধ্বংসযজ্ঞ চালানো, নিরীহ মানুষকে হত্যা, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ফসলি জমি নষ্ট করার ঘটনাগুলোকে সাধারণ আর দশটি ঘটনা হিসেবে দেখার আর সুযোগ নেই।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত প্লাটো রাজ্যে দীর্ঘদিন ধরেই জমি, গবাদি পশুর চারণভূমি এবং প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাত চলে আসছে। সময়ের সঙ্গে এসব বিরোধ অনেক ক্ষেত্রে জাতিগত ও ধর্মীয় বিভাজনে রূপ নিয়ে আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে অঞ্চলটিতে প্রায়ই প্রাণঘাতী হামলা ও প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা ঘটে।

সূত্র: রয়টার্স।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD