Logo

ইরানি ড্রোন ধ্বংস করতে কম খরচে অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬, ১৪:২০
ইরানি ড্রোন ধ্বংস করতে কম খরচে অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানি ড্রোন আকাশেই ধ্বংস করতে কম খরচের ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান পাওয়ারআস। সংযুক্ত আরব আমিরাতের একটি কারখানায় থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ঘণ্টায় ২০০ মাইল গতিতে চলতে সক্ষম এসব ড্রোন প্রতিরোধী অস্ত্র তৈরি করা হচ্ছে।

বিজ্ঞাপন

পাওয়ারআসের এক মুখপাত্র জানান, বিশ্বের বিভিন্ন দেশের কারখানায় বর্তমানে প্রতি মাসে প্রায় ৩ হাজার ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে। ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ এই উৎপাদন সক্ষমতা মাসে ১৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রথাগত আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি অস্ত্র রপ্তানির পরিবর্তে স্থানীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর সংযুক্ত আরব আমিরাতে ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২ হাজার ২০০টির বেশি ড্রোন হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলায় ১৫ জন নিহত ও শত শত মানুষ আহত হন। পাশাপাশি একটি তেল শোধনাগার বন্ধ হয়ে যায় এবং দুটি অ্যামাজন ডেটা সেন্টার ধ্বংস হয়।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে মার্কিন প্যাট্রিয়ট অস্ত্রের সরবরাহ সংকট দেখা দেওয়ায় পাওয়ারআসের তৈরি ‘গার্জিয়ান’ ইন্টারসেপ্টরের চাহিদা বেড়েছে। মাত্র ৫ হাজার ডলারে তৈরি এই ইন্টারসেপ্টরকে লেগোর মতো সহজে সংযোজন করা যায় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পাওয়ারআসের সহ-প্রতিষ্ঠাতা মাইকেল সিনেনস্কি জানান, আমিরাতের কারখানায় বর্তমানে প্রতিদিন ৩০টি ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে। শিগগিরই দৈনিক উৎপাদন ১০০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

জ্বালানি অবকাঠামো সুরক্ষায় প্রতিষ্ঠানটি ২ কোটি ২০ লাখ ডলারের একটি বাণিজ্যিক চুক্তি করেছে। পাশাপাশি ভারতের মুম্বাইভিত্তিক একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি স্বাক্ষর করেছে তারা।

ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের মালিকানাধীন একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাওয়ারআস সম্প্রতি একটি গলফ কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হয়েছে। সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা কিথ কেলগও কোম্পানিটির পরামর্শক বোর্ডে যুক্ত হয়েছেন। এ ছাড়া মার্কিন বিমান বাহিনীর সঙ্গে প্রতিষ্ঠানটির ৯ কোটি ডলারের একটি চুক্তি হয়েছে।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে মাইকেল সিনেনস্কি, রোমান ভিনফেল্ড ও ব্রেট ভেলিকোভিক যৌথভাবে পাওয়ারআস প্রতিষ্ঠা করেন। ইউক্রেনীয় প্রযুক্তি ব্যবহার এবং একাধিক প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে তারা প্রতিরক্ষা খাতে নতুন ধরনের মডেল গড়ে তোলার উদ্যোগ নেন।

বিজ্ঞাপন

গবেষণা কর্মকর্তা স্ট্যাসি পেটিজন ও আলবার্ট ভিডালের মতে, এসব ইন্টারসেপ্টর প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প নয়। তবে তুলনামূলক কম খরচে ইরানি ড্রোন মোকাবিলায় এগুলো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ভূমিকা রাখতে পারে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD