সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ সিরিয়া, ট্রাম্পকে শারার ধন্যবাদ

যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়ার নাম আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এ সিদ্ধান্তের জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সিরিয়ার পাশে থাকা দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার এক বিবৃতিতে আল-শারা বলেন, তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ায় সিরিয়ার জনগণের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির পাশে থাকা বন্ধু ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। তার ভাষায়, সিরিয়া এখন অতীতের কঠিন সময় পেছনে ফেলে উন্নয়ন, পুনর্গঠন ও দেশ গড়ার নতুন পর্যায়ে প্রবেশ করছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ৮ জুলাই সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ মার্কিন কংগ্রেসে পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন আইনের নির্ধারিত ৪৫ দিনের পর্যালোচনা শেষে সোমবার সিরিয়ার নাম তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের শাসনামলে সিরিয়াকে যুক্তরাষ্ট্রের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০০০ সালে হাফেজ আল-আসাদের মৃত্যুর পর তার ছেলে বাশার আল-আসাদ ক্ষমতায় আসেন। তার দীর্ঘ ২৪ বছরের শাসনামলেও সিরিয়া ওই তালিকায় ছিল।
২০২৪ সালে আকস্মিক অভ্যুত্থানের মাধ্যমে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাশিয়ায় অবস্থান করছেন।
‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত থাকায় সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যে বৈদেশিক সহায়তা, প্রতিরক্ষা সরঞ্জাম কেনাবেচা, সামরিক ও বেসামরিক কাজে ব্যবহারযোগ্য নির্দিষ্ট পণ্য এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ওপর বিধিনিষেধ উল্লেখযোগ্য। এ ছাড়া দেশটিতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও এই তালিকাভুক্তি বড় বাধা হিসেবে কাজ করছিল।
বিজ্ঞাপন
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে সিরিয়াকে দূরে রাখার বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সুনির্দিষ্ট অঙ্গীকার ও ইতিবাচক পদক্ষেপের স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা, রয়টার্স








