Logo

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮ ফিলিস্তিনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৪:১২
গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) গাজার বিভিন্ন এলাকায় একাধিক হামলায় একজন সাংবাদিকসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারও রয়েছেন। আল জাজিরাও তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে হামলার নির্দিষ্ট স্থান ও ঘটনার বিস্তারিত পরিস্থিতি এখনো পুরোপুরি জানা যায়নি।

একই দিন গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই হামলায় ছয়জন নিহত হয়েছেন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা আহত ১৩ জনকে আল-কুদস হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানান, চিকিৎসকদের মতে আহতদের অনেককে বাঁচানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিনের হামলা ও অবরোধে গাজার স্বাস্থ্যব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসা দেওয়ার সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন আহত হয়েছেন। মধ্য গাজার দেইর আল-বালাহে দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। খান ইউনিসেও ট্যাংক থেকে গোলাবর্ষণের তথ্য এসেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের আগের ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে অন্তত নয়টি মরদেহ নেওয়া হয়েছে। এর মধ্যে আটজন হামলায় নিহত হয়েছেন এবং একজন নারী আগের আঘাতের কারণে মারা গেছেন। তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ৪৩১ জনে। একই সময়ে আহত হয়েছেন ৫ হাজার ২২৬ জন। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৩১ জন।

হিন্দ খুদারি বলেন, যুদ্ধবিরতির কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর সহিংসতা থামেনি। তার ভাষ্য, প্রতিদিন মানুষ নিহত ও আহত হচ্ছেন এবং মানবিক পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। সাধারণ মানুষ সুপারমার্কেটে যাওয়া কিংবা সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার মতো দৈনন্দিন কাজেও আতঙ্কের মধ্যে রয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৩২ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন আহত হয়েছেন।

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের আগস্টের বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজাজুড়ে ধ্বংসপ্রাপ্ত স্থাপনার সংখ্যা ৯ শতাংশ বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য উল্লেখ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD