জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সিজেপি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় তারা সেখানে পৌঁছাতে পারেননি। এ ঘটনায় কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
দলটির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল করা হবে। তিনি বলেন, “জ্ঞানেশ কুমার যতদিন পদত্যাগ না করছেন ততদিন, প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল হবে।”
এদিকে ভারতীয় পুলিশের দাবি, গতকাল ও শনিবার পর্যন্ত সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
শনিবার সকালে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। তিনি মুম্বাই থেকে বিমানে দিল্লিতে পৌঁছানোর পর তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে বিক্ষোভকারীদের উদ্দেশে অজিঙ্কা সিন্ধে বলেন, পুলিশ যেখানে তাদের আটকে দেবে, সেখানেই যেন তারা অবস্থান নিয়ে প্রতিবাদ চালিয়ে যান। যন্তরমন্তরে যেতে বাধা দেওয়া হলে সুবিধাজনক স্থানে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ চার সাবেক মুখ্যমন্ত্রীকেও আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সিজেপির এই কর্মসূচি ঘিরে দিল্লিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।








