অভিজিৎ দ্বীপকেসহ ককরোচ পার্টির শীর্ষ নেতারা নিখোঁজ

ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা অভিজিৎ দ্বীপকেসহ দলটির শীর্ষ তিন নেতার ১০ ঘণ্টা ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে দলটি। দিল্লি পুলিশ তাঁদের তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ককরোচ পার্টি।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটি জানায়, অভিজিৎ দ্বীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটকের পর থেকে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তাঁদের কোথায় রাখা হয়েছে, তা-ও জানা নেই বলে দাবি দলটির।
পোস্টে ককরোচ পার্টি বলেছে, ‘বিষয়টি অত্যন্ত জরুরি। ১০ ঘণ্টা হয়ে গেছে, দিল্লি পুলিশ অভিজিৎ দ্বীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে অপহরণ করেছে। আমরা এখনো জানি না তাঁরা কোথায় আছেন। তাঁদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। দিল্লি পুলিশ তাঁদের কোথায় রেখেছে? এভাবে কাউকে অপহরণ করা কীভাবে মেনে নেওয়া যায়?’
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ পার্টি। এ কর্মসূচিতে অংশ নিতে সকালে মুম্বাই থেকে বিমানে দিল্লি আসেন অভিজিৎ ও দলের অন্য দুই শীর্ষ নেতা। দলটির অভিযোগ, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই পুলিশ তাঁদের নিয়ে যায়। এরপর থেকে তাঁদের আর গণমাধ্যমের সামনে দেখা যায়নি।
বিজ্ঞাপন
এর মধ্যে অভিজিতের দাদি মারা গেছেন। বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে, তাঁকে এ খবর জানানো হয়নি। তবে দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, অভিজিৎকে তাঁর দাদির মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। মানবিক বিবেচনায় তিনি চাইলে দাদির শেষ বিদায়ে অংশ নিতে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে। তবে এর আগে তাঁকে আন্দোলন বন্ধ করতে হবে বলে পুলিশের বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত অভিজিৎ দ্বীপকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দলটির দাবি, অভিজিৎ ছাড়াও শনিবার দিল্লিতে যন্তরমন্তরের দিকে যাওয়া তরুণদের আটক করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি








