ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাখণ্ড

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তরকাশী এলাকায় ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির স্থানাঙ্ক ছিল ৩০.৭৪৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪১৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
শনিবার উত্তরাখণ্ডে এটি ছিল দ্বিতীয় ভূমিকম্প। এর প্রায় চার ঘণ্টা আগে রাজ্যটির বাগেশ্বর জেলায় ২ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এনসিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট ৫৩ সেকেন্ডে বাগেশ্বরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির স্থানাঙ্ক ছিল ৩০.০০৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৯.৯৫০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
বিজ্ঞাপন
এর আগে গত ৬ অক্টোবর রাত ১০টা ২০ মিনিটের দিকে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পন ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়। এতে রাজধানী ও পার্শ্ববর্তী শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিল্লির সফদরজং এনক্লেভের এক বাসিন্দা লিখেছেন, ‘আমার পুরো সোফা নড়ে উঠতে দেখেছি, পুরো ভবনটিই কেঁপে উঠেছিল। জীবনে এর কাছাকাছি কোনো অভিজ্ঞতা কখনো হয়নি!’
সূত্র: এনডিটিভি








