দিল্লিতে বিক্ষোভে যাওয়ার পথে ফের আটক এআইএসএ নেত্রী নেহা বোরা

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভে অংশ নিতে যাওয়ার সময় আবারও পুলিশের হাতে আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা। রবিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর আরকে আশ্রম এলাকায় বিক্ষোভের ডাক দেওয়ার পর তাকে আটক করা হয় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
রবিবার দুপুর আড়াইটার দিকে বিক্ষোভের কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সরাসরি সম্প্রচার করছিলেন নেহা বোরা। সম্প্রচারে তিনি জানান, ব্যারিকেড অতিক্রম করে তারা কনট প্লেস এলাকায় পৌঁছেছেন। এরপরই তাকে আটক করা হয়।
এর আগে ১০ অক্টোবর পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়েছিলেন এই ছাত্রনেত্রী। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পুলিশ তার মোবাইল ফোন নিয়ে গেলেও পরে তা ফেরত দেওয়া হয়। একই সঙ্গে ময়দান গড়ি থানায় আটক নারীদেরও মুক্তি দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
এদিকে দিল্লিতে সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীদের আটক এবং পুলিশের দমন-পীড়নের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, সমালোচনামূলক কণ্ঠস্বর দমনে নয়াদিল্লি দেশজুড়ে ভয়ের পরিবেশ তৈরি করছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল আল-জাজিরাকে বলেন, বিরোধী দলের নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও আইনজীবীসহ পাঁচ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। তার মতে, এসব ঘটনা সরকারের সমালোচনামূলক কণ্ঠস্বর দমনের প্রবণতা তুলে ধরে।
বিবৃতিতে আকার প্যাটেল আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগের কারণে আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ সংযম দেখানো এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস








