বিক্ষোভ ও মিছিল ঠেকাতে করাচিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনসাধারণের ভোগান্তি কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় পাঁচজনের বেশি মানুষের জমায়েতসহ বিভিন্ন ধরনের প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির জারি করা একটি বিজ্ঞপ্তির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বিভিন্ন প্রধান সড়ক, মোড় ও চত্বরে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মিছিলের খবর পাওয়া গেছে। এসব কর্মসূচির কারণে তীব্র যানজট তৈরি হচ্ছে এবং নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং হাসপাতালে যাতায়াতের পথ সীমিত হয়ে পড়ছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে করাচি বিভাগের বিভিন্ন এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণে ১৪৪ ধারার অধীনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের জমায়েত, মিছিল, প্রতিবাদ, বিক্ষোভ ও সমাবেশ আয়োজন, পরিচালনা কিংবা এসব কর্মসূচিতে সহায়তা করার ফলে বিভিন্ন ধরনের সংকট তৈরি হতে পারে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো, জনশান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের জীবন ও সম্পত্তি সুরক্ষিত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষ ও জরুরি সেবার যানবাহনের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতেও সাময়িক এই নিষেধাজ্ঞা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
নিষেধাজ্ঞা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর পর্যন্ত করাচি বিভাগের যেকোনো স্থানে পাঁচজনের বেশি মানুষের জমায়েত করা যাবে না। একই সঙ্গে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, সমাবেশ, মিছিল কিংবা অন্য কোনো ধরনের জনসমাবেশ আয়োজন, পরিচালনা বা আহ্বান করা নিষিদ্ধ থাকবে। এসব কর্মসূচিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করাও নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়েছে।
জনদুর্ভোগ কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেই করাচি প্রশাসন এ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।








